১০০ আরবি গল্পে রাসূল সা. এর জীবনী [অনুবাদ—বিশ্লেষণ—তাবীর]
![১০০ আরবি গল্পে রাসূল সা. এর জীবনী [অনুবাদ—বিশ্লেষণ—তাবীর] - Course Featured Media](https://cdn.klasio.com/1002908/21777/conversions/আরবি-নুসূস-পাঠ-কোর্স-featured.png)
নবীজি ﷺ-এর সীরাত কেবল বর্ণিত ইতিহাস নয়; বরং তা কুরআনের বাস্তব তাফসীর এবং এমন এক পাঠশালা, যেখানে একজন মুসলিম জীবনযাপনের পদ্ধতি শেখে। আমরা মনে করি, আরবি শেখানোর সবচেয়ে ভালো ভিত্তি হলো অর্থবহ পাঠ—যা বই বন্ধ করার পরও হৃদয়ে থেকে যায়।
এই কোর্সটি শিক্ষার্থীকে একটি সাজানো যাত্রাপথে নিয়ে যাবে: জন্ম ও শৈশব থেকে শুরু করে নবুওয়াতপূর্ব জীবন, এরপর মক্কী জীবনের দাওয়াহ-নির্যাতন-হিজরত, তারপর মাদানী জীবনের রাষ্ট্রগঠন-যুদ্ধ-চুক্তি, এবং সবশেষে বিদায় হজ্জ ও ওফাত। প্রতিটি গল্প স্বয়ংসম্পূর্ণ—এককভাবেও পড়া যায়; আবার একই সাথে তা একটি ধারাবাহিক শৃঙ্খলের একটি কড়িও বটে।
ভাষার স্তর নির্ধারণ করা হয়েছে মুতাওয়াসসিত বা মধ্যম মানের। বাক্যগুলো মাঝারি দৈর্ঘ্যের; জুমলা ফে'লিয়্যাহ ও ইসমিয়্যাহ—উভয়ের ভারসাম্যপূর্ণ ব্যবহার রাখা হয়েছে। কঠিন বালাগাহ ও জটিল গঠন সচেতনভাবে এড়ানো হয়েছে, তবে ভাষাকে এতটা সহজও করা হয়নি যে শিক্ষার্থী নতুন কিছুই না শেখে। প্রতিটি নসে সম্পূর্ণ হারাকাত দেওয়া আছে, যাতে শুদ্ধ উচ্চারণ ও ইরাব অনুশীলন সহজ হয়।
বর্ণনা নির্বাচনে নীতি ছিল স্পষ্ট: নির্ভরযোগ্য সীরাত ও হাদীসগ্রন্থের বাইরে যাওয়া হয়নি; দুর্বল ও মুনকার রেওয়ায়েত—তা যতই জনপ্রিয় হোক—বাদ দেওয়া হয়েছে; আর যেখানে সীরাতবিদদের মধ্যে মতভেদ রয়েছে, সেখানে টীকায় সতর্কতা যোগ করা হয়েছে।
